প্রকাশিত: Fri, Feb 9, 2024 11:30 PM
আপডেট: Thu, Mar 12, 2026 11:28 AM

[১] সংসদে একতরফা কথা হচ্ছে: জিএম কাদের

মুযনিবীন নাইম: [২] দ্বাদশ জাতীয় সংসদে বিরোধীদলের সংখ্যা কম হওয়ায় একতরফা কথা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

[৩] তিনি বলেন, সংসদ মোটামুটি গতানুগতিকভাবেই চলছে। যেহেতু সংসদে বিরোধীদলের সংখ্যায় আমরা কম। সরকারের পক্ষেই বেশির ভাগ কথাবার্তা হচ্ছে। সংসদ আরও সুন্দর কার্যকর হয় যদি উত্তপ্ত হয়। যদি উভয় পক্ষই সমান সমানভাবে কথাবার্তা বলে তাহলেই সংসদটা সত্যিকার অর্থে কার্যকর এবং প্রাণবন্ত হয়। সেটা এখন পর্যন্ত হয়নি। 

[৪] শুক্রবার বিকেলে তিন দিনের সফরে রংপুর গিয়ে সেনপাড়াস্থ বাসভবন স্কাইভিউয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিএম কাদের এসব কথা বলেন।

[৫] মন্ত্রী হওয়া নিয়ে প্রশ্ন করা হলে জিএম কাদের বলেন, আসলে বিরোধীদল হলে মন্ত্রী হওয়াটা স্বাভাবিক নয়। যদি ন্যাশনাল গভর্নমেন্ট হয় সেখানে বিরোধীদল থাকে না। সব দল থেকে নিয়েই মন্ত্রিপরিষদ করা হয়। তখন বিরোধীদল হিসেবে রোল প্লে করা যাবে না। কেননা বিরোধীদল হলে সরকারের বিপক্ষের শক্তি হতে হয়, মন্ত্রী হলে তো সরকারের পার্ট হয়ে গেলাম, তখন সেখানে আর বিরোধীদল হওয়ার কিছু থাকে না।

[৬] তিনি আরও বলেন, সংসদে বিরোধীদল সরকারের জবাবদিহিতা নিশ্চিত করবে। আর সরকার মানে হলো সম্পূর্ণ মন্ত্রিসভা একত্রিতভাবে সরকার তো মন্ত্রিসভা কেন্দ্র করে। যদি আমরা অ্যাকাউন্টেবল করতে চাই, তার দোষ ত্রুটি তুলে ধরতে চাই, তাহলে তো আমি মন্ত্রিসভার সদস্য হয়ে এটা সম্ভব না। সবাই মিলে দেশ পরিচালনা করব। কিছুদিনের জন্যই তো অনেক দেশে হয়ে থাকে কোনো ক্রাইসিস হলে। তবে এ রকম কোনো অফার আমরা পাইনি। যদি সে রকম কোনো অফার আসে তখন সব কিছু বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব। সম্পাদনা: সালেহ্ বিপ্লব